গ্যাস-বিদ্যুৎ সঙ্কট ও দ্রব্যমূল্য বৃদ্ধি : রংপুরে প্রধানমন্ত্রী বরাবর ১১ দলের স্মারকলিপি

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নগরীর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ডিসি অফিস ঘেরাও করেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
রংপুরের ডিসি বরাবর ১১ দলীয় জোটের স্মারকলিপি
রংপুরের ডিসি বরাবর ১১ দলীয় জোটের স্মারকলিপি |নয়া দিগন্ত

গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও ভূতুড়ে বিল আদায় ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রী বরাবর রংপুরের জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে নগরীর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ডিসি অফিস ঘেরাও করেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা। এসময় তারা গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সরকারের বিপক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দেন।

এসময় বক্তারা বলেন, সরকারের দায়িত্বশীলতার অভাবেই গ্যাস নাই, পানি নাই, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে, ভূতুড়ে বিল আদায় করা হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা গভীর সঙ্কটে পড়েছে। অবিলম্বে এসব বিষয়ে সমাধান করে জনগনকে স্বস্তি দেয়ার দাবি জানান তারা। তা না হলে দেশের জনগণ চিন্তা করবেন আপনাদের ক্ষমতায় রাখবে কিনা।

সেখানে বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্যের রংপুর মহানগর আমির এ টি এম আজম খান, সেক্রেটারিকে এম আনোয়ারুল হক কাজল, শ্রমিককল্যাণ ফেডারেশন মহানগর সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী, এনসিপির জেলা আহ্বায়ক আল মামুন, মহানগর সদস্য সচিব আব্দুল মালেক, এবি পার্টির মহানগর সাধারণ সম্পাদক মাহাবুবার রহমান মাহবুব, লেবার পার্টির নেতা শামসুদ্দীন রাজা প্রমুখ।

পরে মহানগর জামায়াত আমির এ টি এম আজম খানের নেতৃত্বে ১১ দলের একটি প্রতিনিধি দল ডিসির কার্যালয়ে যান। সেখানে ডিসি মোহাম্মদ রুহুল আমিনের কাছে স্মারকলিপি তুলে দেন।

ডিসি মোহাম্মদ রুহুল আমিন জানান, ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি গ্রহণ করে তা প্রধানমন্ত্রীর দফতরে পাঠিয়ে দেয়া হয়েছে।