প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়া উদ্দিন হায়দার বলেছেন, ‘সরকার স্বাস্থ্য খাতকে ডেলে সাজানোর চেষ্টা করছে। সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে সরকার থেকে স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানো হয়েছে। গত ১৭ বছর স্বাস্থ্য খাতকে দলীয়করণ করা হয়েছে। ফলে স্বাস্থ্য খাত ভারসাম্যহীন অবস্থায় রয়েছে। সেখান থেকে বের হয়ে আমরা বের হয়ে ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা করছি।’
বুধবার (১২ আগস্ট) দুপুরে ২৫০ শয্যা ফেনী জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
ড. জিয়া উদ্দিন বলেন, ‘পরিদর্শনে রোগীদের সাথে কথা বলেছি। তারা সেবা পেয়ে খুশি। এখানে বেড সঙ্কট রয়েছে। বেডের তুলনায় চার-পাঁচ গুন রোগীর চাপ বেশী। ফলে একদিকে যেমন জনবল নেই, আরেকদিকে স্বল্প জনবল দিয়ে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। এটা সারাদেশের বেশিরভাগ হাসপাতালের একই অবস্থা। আমরা জনবল বাড়ানোর চেষ্টা করতেছি।’
এ সময় জেলা প্রশাসক মনিরা হক, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা: এ এস এম সোহরাব আল হোসাইন, হাসপাতালের তত্বাবধায়ক ডা: মোবারক হোসেন দুলাল ও আর এম ও মো: রুকনুজ্জামানসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ড. এস এম জিয়া উদ্দিন হায়দার হাসপাতালের প্রশাসনিক ভবন, ডায়ালাইসিস বিভাগ, জরুরি বিভাগ, ডেঙ্গু ওয়ার্ড, স্পেশাল কেয়ার নিওবর্ণ ইউনিট, মেডিসিন ওয়ার্ড, আইসিইউ ইউনিট, হাই ডিপেন্ডেসি ইউনিট ও শিশু বিকাশ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় রোগীদের সাথে কথা বলে হাসপাতালের স্বাস্থ্য সেবার খোঁজখবর নেন।


