ঢাকার সাভারে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিভাগীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সাভার বাজার রোডের আমিন টাওয়ারের ৪র্থ তলায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
এ সময় ঢাকা বিভাগের আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, ‘আমাদের আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক দারিদ্র্য বিমোচন, নারী ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ।’
নিয়ম ও স্বচ্ছতার ভিত্তিতে বাংলাদেশ আনসার বাহিনীতে নিয়োগ হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সকালে সাভারের বাজার রোডে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক-এর বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এ সময় মহাপরিচালক আরো বলেন, ‘বাংলাদেশ আনসার বাহিনীতে কোনো অনিয়মের সুযোগ নেই। নিয়োগ থেকে শুরু করে সবকিছুই স্বচ্ছতার ভিত্তিতে হয়। এই ব্যাংকের মাধ্যমে আনসার সদস্যরা বিশেষ সুবিধা পাবে।’


