কুষ্টিয়ায় গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার অভিযোগ ওঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে সরেজমিনে কুষ্টিয়া শহরের স্টেডিয়াম চত্বরে জুলাই স্মৃতি স্তম্ভে গিয়ে দেখা যায়, সেখানে গণমাধ্যমকর্মীদের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত রয়েছেন।
এর আগে, সোমবার দিবাগত গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনা ঘটে।
ঘটনাস্থলে পুলিশের তিন সদস্যের ডিউটি থাকা অবস্থায় এমন ঘটনায় ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয়রা। পুলিশ সুপার জানান, জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। এ ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হবে।
মঙ্গলবার দুপুরের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই ভিডিওতে এক যুবককে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ও জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
ভিডিওটির শেষভাগে এক ব্যক্তিকে বোতল থেকে দাহ্য পদার্থ স্মৃতিস্তম্ভের পশ্চিম পাশে ঢেলে আগুন ধরিয়ে দ্রুত সটকে পড়তে দেখা যায়।
স্টেডিয়ামের কর্মচারীরা জানান, নিয়মিত ডিউটির অংশ হিসেবে গত রাতেও পুলিশের তিন সদস্য এলাকায় টহলরত ছিলেন। ভোররাত পর্যন্ত তাদের সেখানে অবস্থান করার কথা থাকলেও এ ঘটনা কখন ও কীভাবে ঘটেছে, সে বিষয়ে তারা কিছু জানাতে পারেননি।
খবর পেয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার ও কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতব্বরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন।
তবে, ঘটনার পর রাতে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ফোনে মডেল থানার ওসিকে জানান, স্টেডিয়াম এলাকায় এমন কোনো ঘটনা ঘটেনি।
এ বিষয়ে পুলিশ সুপার জসিম উদ্দিন মুঠোফোনে জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। দায়িত্বরত পুলিশের অবহেলার বিষয়ে তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে। আগুনের ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক দল ইতোমধ্যে মাঠে নেমেছে।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুষ্টিয়া জেলা কমিটির আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনি ও সদস্যসচিব সুলতান মারুফ তালহা।
এনসিপি নেতারা বলেন, ‘জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়া মানে জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করা। এটি একটি পরিকল্পিত ও ন্যক্কারজনক ঘটনা। প্রশাসনের অবহেলার কারণেই দুষ্কৃতকারীরা এমন ঘটনা ঘটানোর সাহস পেয়েছে।’
তারা বলেন, ‘প্রশাসন এ ঘটনার দায় এড়াতে পারে না। দ্রুত দোষীদের আইনের আওতায় শাস্তি নিশ্চিত করতে হবে। এ ঘটনার প্রতিবাদে এনসিপি বুধবার কুষ্টিয়ায় প্রতিবাদ সমাবেশ করবে।’


