ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দেখতে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে গেছেন সিলেট মহানগর জামায়াতে ইসলামীর নেতারা।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেয়। এ সময় তারা দায়িত্বরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন।
প্রতিনিধি দলে সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন মহাসড়কে একের পর এক সড়ক দুর্ঘটনার ঘটনা উদ্বেগজনক। এসব দুর্ঘটনা প্রতিরোধে যানবাহনের ফিটনেস নিশ্চিত করা, চালকদের কর্মঘণ্টা ও দক্ষতার যথাযথ তদারকি, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং সড়ক নিরাপত্তা জোরদার করা প্রয়োজন।
তিনি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান।
জামায়াত নেতারা দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
উল্লেখ্য, শুক্রবার সকালে ওসমানীনগরের কাশিকাপন এলাকায় সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচ ও ঢাকাগামী ইউনিক পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। পরে হাসপাতালে নেয়ার পথে এক শিশুসহ আরও দুজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়ায়। বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন।


