জাতীয় প্রেসক্লাবের সহযোগী সদস্যপদ পেলেন গাজীপুরের ডিসি

গাজীপুরে ‘মৌলিক সাংবাদিকতা ও নৈতিকতা’ শীর্ষক কর্মশালা

গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: নূরুল করীম ভূঁইয়া জাতীয় প্রেসক্লাবের সহযোগী সদস্যপদ লাভ করেছেন।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
গাজীপুরে ‘মৌলিক সাংবাদিকতা ও নৈতিকতা’ শীর্ষক কর্মশালা
গাজীপুরে ‘মৌলিক সাংবাদিকতা ও নৈতিকতা’ শীর্ষক কর্মশালা |নয়া দিগন্ত

গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: নূরুল করীম ভূঁইয়া জাতীয় প্রেসক্লাবের সহযোগী সদস্যপদ লাভ করেছেন।

রোববার (২ আগস্ট) গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত ‘মৌলিক সাংবাদিকতা ও নৈতিকতা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া ও সাংবাদিক নেতারা তার হাতে সহযোগী সদস্যপদের আনুষ্ঠানিক চিঠি তুলে দেন।

অনুষ্ঠানে সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকতা পেশার সাথে নূরুল করীম ভূঁইয়ার দীর্ঘদিনের সম্পৃক্ততা এবং গণমাধ্যমে তার অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় প্রেসক্লাবের সহযোগী সদস্যপদ প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, প্রশাসনে যোগদানের আগে নূরুল করীম ভূঁইয়া সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যয়নকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃত্বও দিয়েছেন।

জেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় গাজীপুরে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: নূরুল করীম ভূঁইয়া।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। বিশেষ করে শিশু অধিকার, শিশুশ্রম, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা সৃষ্টিতে দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সাংবাদিকতার কোনো বিকল্প নেই।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মো: কামাল উদ্দিন সবুজ, সরকারের প্রধান তথ্য কর্মকর্তা আবদাল আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো: শহিদুল ইসলাম।

প্রশিক্ষণ পর্ব পরিচালনা করেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবাশীষ রঞ্জন সরকার সাংবাদিকতার পেশাদারিত্ব, নৈতিকতা, সততা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা বিষয়ে একটি উপস্থাপনা দেন।

বক্তারা বলেন, সৎ ও দায়িত্বশীল সাংবাদিকতাই সত্য প্রতিষ্ঠা করে এবং সমাজকে সঠিক পথে পরিচালিত করে। শিশু ও নারীর অধিকারসংক্রান্ত প্রতিবেদন তৈরির ক্ষেত্রে সংবেদনশীলতা, তথ্য যাচাই এবং ভুক্তভোগীর মর্যাদা রক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেয়ার পাশাপাশি শিশুশ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা গড়ে তুলতে গণমাধ্যমকে আরো কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

কর্মশালায় সাংবাদিকতার মৌলিক নীতিমালা, নৈতিক প্রতিবেদন তৈরির কৌশল, তথ্য যাচাই, শিশু সুরক্ষা, শিশুশ্রম ও বাল্যবিবাহবিষয়ক আইন এবং গণমাধ্যমের সামাজিক দায়বদ্ধতা নিয়ে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসকের ‘ভালো কাজের ভালো মানুষ’ উদ্যোগের অংশ হিসেবে গাজীপুরের তিনটি সামাজিক ও মানবিক কার্যক্রম নিয়ে নির্মিত তিনটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এসব উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা এবং ভালো কাজের স্বীকৃতি দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা জানান, দায়িত্বশীল, মানবিক ও নৈতিক সাংবাদিকতা বিকাশের পাশাপাশি শিশু অধিকার সুরক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের সক্ষমতা আরও জোরদার করতে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন অব্যাহত থাকবে।