গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৮ আগস্ট) বিজিবির একাধিক অভিযানে এসব পণ্য আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, শনিবার ভোররাত থেকে বাংলাবাজার, সোনারহাট, সংগ্রাম, শ্রীপুর, প্রতাপপুর ও বিছনাকান্দি বিওপি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় বিপুল পরিমাণ মোবাইল ফোন, কসমেটিক্স, গরু, মহিষ, কম্বল, চকলেট, চা-পাতা, ফুচকা, সুপারি, চিনি, শনপাপড়ি ও মোটরসাইকেল জব্দ করা হয়।
সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবির আভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মালামাল জব্দ করা হয়। জব্দ করা মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


