কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গাঁজা সেবনের দায়ে তিন যুবককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৬ আগস্ট) উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটি চন্দ্রখানা গ্রামে মাদক ব্যবসায়ী লিটনের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গাঁজা সেবনরত অবস্থায় তিন যুবককে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পরে ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক তিনজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার উত্তর কুটি চন্দ্রখানা গ্রামের মৃত বিনোদ চন্দ্রের ছেলে চন্দন কুমার (২৮), আজোয়াটারী গ্রামের আমিনুর রহমানের ছেলে আতিকুর রহমান (২৮) এবং নাগেশ্বরী উপজেলার পূর্ব শুকাতি গ্রামের খোকন চন্দ্রের ছেলে কৃষ্ণ চন্দ্র (২৭)।
ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দণ্ড দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের সাজা পরোয়ানামূলে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।


