ভাণ্ডারিয়ায় বেড়িবাঁধ থেকে রক্তাক্ত লাশ উদ্ধার

সকালে বাড়ির অদূরে বেড়িবাঁধের দক্ষিণ পাশে ইসমাইল শরীফকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজন ও স্থানীয়রা এগিয়ে যান। এ সময় নিহতের ডান কানের লতি ছেঁড়া ও রক্তাক্ত অবস্থায় দেখা যায়।

মামুন হোসেন, ভান্ডারিয়া (পিরোজপুর)

Location :

Pirojpur
ভাণ্ডারিয়া থানা, পিরোজপুর
ভাণ্ডারিয়া থানা, পিরোজপুর |নয়া দিগন্ত

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নিখোঁজ হওয়ার পর মো: ইসমাইল শরীফ (৬৫) নামে এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার হরিণপালা এলাকার বেড়িবাঁধের দক্ষিণ পাশের ঢাল থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

নিহত ইসমাইল শরীফ ভাণ্ডারিয়া উপজেলার ৩ নম্বর তেলিখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হরিণপালা গ্রামের মরহুম মোহাম্মদ শরীফের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৮ আগস্ট) বিকেল ৫টার দিকে টাকা-পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে স্ত্রীর সাথে মনোমালিন্য হলে ঘর থেকে বের হন ইসমাইল শরীফ। এরপর তিনি তুষখালী বাজার জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। গভীর রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় রাত সাড়ে ১০টার দিকে তার স্ত্রী শেফালী বেগম (৫০) তেলিখালী পুলিশ ফাঁড়িতে ফোনে বিষয়টি জানান। সেখান থেকে তাকে খোঁজাখুঁজির পরামর্শ দেয়া হয়।

পরদিন সকালে বাড়ির অদূরে বেড়িবাঁধের দক্ষিণ পাশে ইসমাইল শরীফকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজন ও স্থানীয়রা এগিয়ে যান। এ সময় নিহতের ডান কানের লতি ছেঁড়া ও রক্তাক্ত অবস্থায় দেখা যায়। এছাড়া গলার নিচে থেঁতলানো দাগ ও অণ্ডকোষে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয়দের দাবি, নিহত ইসমাইল শরীফ এলাকায় সুদের ব্যবসা করতেন। টাকা-পয়সা নিয়ে অনেকের সাথে তার বিরোধ লেগেই থাকত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগনুল হাসান জানান, খবর পেয়ে নিহতের বাড়ির কাছেই বেড়িবাঁধের ঢাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।