ভাঙ্গায় তুচ্ছ ঘটনার জেরে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

শিশুকে চড় মারাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)

Location :

Bhanga
সংঘর্ষের পরের মুহূর্ত
সংঘর্ষের পরের মুহূর্ত |নয়া দিগন্ত

ফরিদপুরের ভাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সানি ব্যাপারী (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (১০ জুলাই) দুপুরে পৌরসভার কইডুবি সদরদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সানি ওই গ্রামের আতিয়ার রহমান ব্যাপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হযরত ফাতেমাতুজ যহুরা রা: মহিলা মাদরাসার বেড়ায় ইট লাগানোকে কেন্দ্র করে ১১ বছর বয়সী জিসান নামে এক শিশুকে চড় মারেন মনির ব্যাপারী। পরে বিষয়টি জিসান তার বাবা বশার মাতুব্বরকে জানায়। বশার এ নিয়ে মনি ব্যাপারীর কাছে জানতে চাইলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়।

একপক্ষে বশার, বাক্কার, আলমগীর, হাসান ও জাহাঙ্গীরের লোকজন এবং অপরপক্ষে মুফতি মনির, সবুজ, পলাশ ও আতিয়ারের লোকজন ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

সংঘর্ষে সানিসহ অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত সানিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেয়ার পথে সানির মৃত্যু হয়।

আহতদের মধ্যে মনি ও সবুজকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া অন্য আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গ্রামের একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনার পর পুলিশ তৎপর রয়েছে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’