সিলেটে র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৯

সিলেট ও হবিগঞ্জে র‌্যাব-৯-এর পৃথক অভিযানে হত্যা মামলার পাঁচ আসামিসহ মোট নয়জনকে গ্রেফতার করা হয়েছে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৯
সিলেটে র‌্যাবের অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৯ |নয়া দিগন্ত

সিলেট ও হবিগঞ্জে র‌্যাব-৯-এর পৃথক অভিযানে হত্যা মামলার পাঁচ আসামিসহ মোট নয়জনকে গ্রেফতার করা হয়েছে।

এর মধ্যে হবিগঞ্জের বাহুবলে জোড়া খুনের মামলায় পাঁচজন এবং সিলেটের গোলাপগঞ্জে অনলাইনে জুয়া খেলার অভিযোগে চারজন গ্রেফতার হয়েছেন।

র‌্যাব-৯ জানায়, গত ১৫ জুন হবিগঞ্জের বাহুবল উপজেলার ডুবাঐ বাজারের পাশে গ্রাম্য রাস্তা নিয়ে বিরোধের জেরে সেলু মিয়া ও হেলাল উদ্দিন নামে দুইজনকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করা হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেলু মিয়াকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত হেলাল উদ্দিনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টা ২৬ মিনিটের দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় সেলু মিয়ার স্ত্রী বাদী হয়ে বাহুবল থানায় হত্যা মামলা দায়ের করেন। আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত পৌনে ১২টার দিকে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় পাঁচ পলাতক আসামিকে গ্রেপ্তার করে।

গ্রেফতাররা হলেন— হিলালপুর গ্রামের মরহুম হিরা মিয়ার ছেলে সবুজ মিয়া (৪৫), তার ছেলে আবু সুফিয়ান (২৫), আব্দুল মালিকের ছেলে রুবেল মিয়া (৩০), মরহুম চান্দু মিয়ার ছেলে সামছু মিয়া (৪৬) এবং মরহুম হিরা মিয়ার ছেলে কবির মিয়া (৫৫)।

র‌্যাব জানায়, এর আগে গত ১৩ জুলাই ও ২ আগস্ট একই মামলার আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার পাঁচজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

গোলাপগঞ্জে ৪ অনলাইন জুয়াড়ি গ্রেফতার

অন্যদিকে, সিলেটের গোলাপগঞ্জে দোকানের ভেতরে বসে অনলাইনে জুয়া খেলার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

র‌্যাব-৯, সদর কোম্পানি সিলেটের একটি দল সোমবার দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটের দিকে গোলাপগঞ্জ উপজেলার বরায়া উত্তরভাগ এলাকার পাঁচমাইল বাজারে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা জুয়া খেলার কাজে ব্যবহৃত চারটি স্মার্টফোন জব্দ করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন— বরায়া উত্তরভাগ গ্রামের সিরাজুর রহমানের ছেলে জামিরুল রহমান (২৮), দাড়িপাতন গ্রামের আব্দুল হান্নানের ছেলে রুহুল আমিন (৩০), বরায়া উত্তরভাগ গ্রামের মৃত কুটু মিয়ার ছেলে জুবের আহমেদ (৩৮) এবং একই গ্রামের আব্দুল শহিদের ছেলে সোয়েব আহমেদ (২৬)।

র‌্যাবের দাবি, জিজ্ঞাসাবাদে তারা অনলাইনে জুয়া খেলার কথা স্বীকার করেছেন। তাদের কাছ থেকে জব্দ করা মোবাইল ফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া গেছে।

গ্রেফতারদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ও জব্দ করা আলামত গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯-এর গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহীদুল ইসলাম সোহাগ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয় ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।