যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদায় পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’। এ উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মো: রুহুল আমিন।
অনুষ্ঠানে রুহুল আমিন বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’
তিনি শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের ত্যাগের আদর্শ মনে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিন। আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের পরিবারবর্গ ও আন্দোলনে অংশগ্রহণকারী বীর যোদ্ধাদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
পরবর্তীতে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


