সিলেটে হাম পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। গত ২৪ ঘণ্টায় হাম ও হামস উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৫ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি হাম ও উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৯৯ জন। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হাম ও হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯০১ জন।
বুধবার (১২ আগস্ট) এর সত্যতা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগীয় পরিচালকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে ৯০১ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ২৯৮, হবিগঞ্জে ১২৩, মৌলভীবাজারে ১২৭ এবং সুনামগঞ্জে ৩৫৩ জন রয়েছেন। হবিগঞ্জে শনাক্তদের মধ্যে দু’জন রুবেলা রোগী।
গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গ নিয়ে নতুন করে ৯৯ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫০ জন, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৯ জন, নর্থ ইস্ট হাসপাতালে দুইজন, মাউন্ট এডোরা হাসপাতালে তিনজন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে দুইজন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঁচজন ভর্তি হয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী হিসেবে চিকিৎসাধীন রয়েছেন ২৮৬ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪৮, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭০, রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৪, মাউন্ট এডোরা হাসপাতালে এক, নর্থ ইস্ট হাসপাতালে ছয়, সিলেটের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পাঁচ, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৯, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে দুই এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে মারা যাওয়া দুই শিশুর একজন সিলেটের এবং অপরজন সুনামগঞ্জের। সিলেটের শিশুটির নাম রাইসা। তার বয়স পাঁচ মাস। সে সিলেটের গোলাপগঞ্জ এলাকার বাসিন্দা। সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অপর শিশুটির নাম আওয়াদ। তার বয়স ছয় মাস। সে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর এলাকার বাসিন্দা। সেও ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছর হাম ও হাম উপসর্গে মারা যাওয়া ১৩০ জনের মধ্যে নিশ্চিত হাম ছিল ছয়জনের। বাকি ১২৪ জন মারা গেছেন হাম উপসর্গ নিয়ে।
জেলাভিত্তিক হিসাবে এ পর্যন্ত সিলেটে ৪৭, হবিগঞ্জে ১৬, মৌলভীবাজারে ১৩ এবং সুনামগঞ্জে ৫৪ জনের মৃত্যু হয়েছে।
এর আগে ৯ আগস্ট তিন শিশু, ১০ আগস্ট দুই শিশু এবং ১১ আগস্ট আরো এক শিশুর মৃত্যু হয়েছিল। এবার আরো দুই শিশুর মৃত্যুতে সাম্প্রতিক সময়ে হাম পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিয়েছে।
প্রতিদিন নতুন করে নিশ্চিত হাম রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি বিপুলসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় সিলেটে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে।


