সাভারে পুলিশের ওপর মাদক কারবারিদের হামলা, গ্রেফতার ৬

ঢাকার সাভারে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়ার মামলার প্রধান আসামি রফিকুল ইসলামসহ ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
সাভার মডেল থানা, ঢাকা
সাভার মডেল থানা, ঢাকা |নয়া দিগন্ত

ঢাকার সাভারে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়ার মামলার প্রধান আসামি রফিকুল ইসলামসহ ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১০ জুন) রাত ৯টার দিকে পৌর এলাকার বেদে পল্লী থেকে প্রধান আসামি রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।

এর আগে, মঙ্গলবার রাতে বেদে পল্লীর কাঞ্চনপুরে হামলার পর অভিযান চালিয়ে পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সাভার থানা ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রফিকুল ইসলামকে গ্রেফতারের উদেশ্যে মঙ্গলবার রাত ৯টার দিকে এসআই এস এম শামীম ও এএসআই মশিউর রহমান সাদা পোশাকে কাঞ্চনপুর এলাকায় অভিযান চালান। এক পর্যায়ে তারা মাদক কারবারি ও ওয়ারেন্টভুক্ত আসামি রফিকুল ইসলামকে গ্রেফতার করেন।

তাকে গ্রেফতারের পরপরই তার সহযোগী সাত-আট ব্যক্তি দুই পুলিশ কর্মকর্তার ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীরা কিলঘুষি, চড়-থাপ্পড় ও ইট দিয়ে আঘাত করে তাদের হেফাজত থেকে রফিকুল ইসলামকে ছিনিয়ে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় সরাসরি কয়েকজন অংশ নিলেও রফিকুল ইসলামের ঘনিষ্ঠ আরো ৩০-৪০ জন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এক পর্যায়ে ওই দুই পুলিশ কর্মকর্তা মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদেরকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রফিকুল ইসলাম কাঞ্চনপুর এলাকার চিহ্নিত মাদক কারবারি। হামলায় অংশ নেয়া ও ঘটনাস্থলে উপস্থিত অধিকাংশ ব্যক্তি মাদক কারবারের সাথে জড়িত।

আহত এসআই এস এম শামীম বলেন, রফিকুল ইসলামকে গ্রেফতারের পরপরই তার সহযোগীরা আমাদের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। আমরা সাদা পোশাকে ছিলাম। তবে আমাদের সাথে থাকা ব্যাগে পুলিশের পোশাক ও ওয়াকিটকি ছিল।

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশনস) হেলাল উদ্দিন নয়াদিগন্তকে বুধবার রাত ১০টার দিকে জানান, এ ঘটনার সাথে জড়িত মূল আসামিকে বুধবার গ্রেফতার করা হয়েছে। পুলিশ কর্মকর্তাদের ওপর হামলার মামলায় এ পর্যন্ত ছয় আসামিকে গ্রেফতার করা হয়েছে।