প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম কিশোরগঞ্জ সফর রোববার

প্রধানমন্ত্রী হওয়ার আগে সর্বশেষ গত ২২ জানুয়ারি কিশোরগঞ্জের ভৈরবে নির্বাচনী জনসভায় এসেছিলেন তারেক রহমান।

কিশোরগঞ্জ প্রতিনিধি

Location :

Kishoreganj
তারেক রহমান
তারেক রহমান |ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জ আসছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর এখানে এটাই তার প্রথম সফর। এদিন তিনি পাকুন্দিয়া, কটিয়াদী ও জেলা শহরের কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, সকাল ৯টায় ঢাকার নিজ বাসভবন থেকে সড়কপথে পাকুন্দিয়ার উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। সকাল ১১টায় পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে শুভেচ্ছা বিনিময়ও করবেন তিনি।

দুপুর ১২টায় কটিয়াদীর উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সাড়ে ১২টায় কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। এরপর দুপুর ১২টা ৫৫ মিনিটে কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে যাবেন। সেখানে বেলা ১টায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন।

দুপুর পৌনে ২টায় তিনি ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের উদ্দেশে রওনা হবেন। সেখানে বেলা ২টায় সরকারের নেয়া কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন করবেন। একই অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন।

বিকেল ৩টায় প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ সার্কিট হাউসে যাবেন। ১৫ মিনিট সেখানে অবস্থানের পর বিকেল ৪টায় কিশোরগঞ্জ পুরনো স্টেডিয়ামে যাবেন। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন অনুদান দেয়া এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের সম্মানী দেয়ার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী হওয়ার আগে সর্বশেষ গত ২২ জানুয়ারি কিশোরগঞ্জের ভৈরবে নির্বাচনী জনসভায় এসেছিলেন তারেক রহমান। ওই জনসভায় তিনি কিশোরগঞ্জের ছয়টি আসনে বিএনপির ছয় প্রার্থীকে জনগণের সাথে পরিচয় করিয়ে দেন।

এর আগে ১৯৯৮ সালে প্রথমবার কিশোরগঞ্জে আসেন তারেক রহমান। ওই সময় বিএনপি নেতা ও বর্তমানে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলমকে সাথে নিয়ে ভৈরব ও কুলিয়ারচরে ২৩টি পথসভা ও জনসভায় অংশ নেন তিনি।

তবে কিশোরগঞ্জ জেলা শহরে এবারই প্রথম কোনো অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে আসছেন তারেক রহমান।

সন্ধ্যা ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ছাড়বেন প্রধানমন্ত্রী। রাত ৮টায় তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।