রাজশাহী ব্যুরো
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল মানুষের অধিকার, গণতন্ত্র ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম। শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেয়া হবে না। তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার বিকেলে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে নগরীর আলুপট্টি মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর রশিদ। সমাবেশ সঞ্চালনা করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।
সমাবেশে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে বক্তব্য দেন শহীদ সাকিব আনজুমের পিতা আইনুল হক। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে আহত কয়েকজন জুলাই যোদ্ধা তাদের অভিজ্ঞতা তুলে ধরে আবেগঘন বক্তব্য দেন।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আহতদের অবদানও ইতিহাসে অম্লান হয়ে থাকবে। তারা শহীদদের রুহের মাগফিরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা এবং একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, আরডিএর চেয়ারম্যান ও মহানগর বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইট, শফিকুল ইসলাম শাফিক, মোক্তার হোসেন ও জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক ও সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন ও সদস্য সচিব এমদাদুল হক লিমনসহ মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। এছাড়া মহানগর বিএনপির বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী সমাবেশে অংশ নেন।
সমাবেশ শেষে সন্ধ্যায় আওয়ামী ফ্যাসিবাদের পতন এবং ছাত্র-জনতার বিজয়কে উপজীব্য করে একটি বিশেষ শো অনুষ্ঠিত হয়।


