নলডাঙ্গার বাবার চোখের সামনেই ডুবে ছেলের মৃত্যু

ঝড়ের কবলে নৌকা থেকে ছিটকে পানিতে পড়েন বাবা-ছেলে। বাবা প্রাণে বাঁচলেও পানিতে ডুবে মৃত্যু হয় ছেলের।

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
ছেলের লাশের সামনে বাবা
ছেলের লাশের সামনে বাবা |নয়া দিগন্ত

নাটোরের নলডাঙ্গায় হালতির বিলে মাছ ধরতে গিয়ে আকস্মিক ঝড় ও উত্তাল ঢেউয়ের কবলে নৌকা থেকে ছিটকে পানিতে পড়েন বাবা-ছেলে। বাবা প্রাণে বাঁচলেও পানিতে ডুবে মৃত্যু হয় ছেলে মো: সদু ইসলামের (৩০)।

মঙ্গলবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে হালতির বিলে মাছ শিকারের সময় নৌকা থেকে ছিটকে পড়ে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের সদু ইসলাম উপজেলার ৩ নম্বর খাজুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বামন গ্রামের হবি প্রামাণিকের (৬০) ছেলে। এ ঘটনায় তার বাবা হবি প্রামাণিক আহত হয়েছেন। তারা মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে নলডাঙ্গার হালতির বিলে মাছ শিকারে নৌকা নিয়ে যান হবি প্রামাণিক ও তার ছেলে সদু ইসলাম। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ ঝড় শুরু হলে বিলের পানি উত্তাল হয়ে ওঠে। তীব্র ঢেউয়ের ধাক্কায় নৌকা থেকে ছিটকে পানিতে পড়ে যান বাবা ও ছেলে। এ সময় আহত হবি প্রামাণিক অন্য একটি নৌকায় আশ্রয় নিতে সক্ষম হলেও পানিতে তলিয়ে যান সদু ইসলাম। পরে স্থানীয়রা জাল দিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে তার লাশ উদ্ধার করেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’