ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও সুপারভাইজার-আইটি পদে নিয়োগ পরীক্ষায় অনিয়ম, স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ তুলে মেহেরপুরে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই অভিযোগে সংবাদ সম্মেলনও করেছে দলটি।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে মেহেরপুর জেলা জামায়াতের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়। একই সাথে সংশ্লিষ্ট উপজেলা ও মুজিবনগর উপজেলা কর্মকর্তাদের কাছেও লিখিত অভিযোগ দেয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, ফ্যামিলি কার্ড একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা কর্মসূচি। এ কর্মসূচির তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজে রাজনৈতিক প্রভাব, পক্ষপাতিত্ব বা দলীয় আনুগত্যের সুযোগ থাকা উচিত নয়। যোগ্যতার পরিবর্তে দলীয় বিবেচনায় নিয়োগ বা দায়িত্ব দেয়া হলে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে জামায়াতের নেতারা নিয়োগের তালিকা প্রকাশের আগে অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও সত্যতা যাচাইয়ের দাবি জানান। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রকাশিত তালিকা বাতিল করে স্বচ্ছ কমিটির মাধ্যমে পুনরায় নিয়োগ পরীক্ষা নেয়ার আহ্বান জানান তারা। একই সাথে যোগ্য, সৎ ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দেয়ার দাবি জানানো হয়।
বক্তারা বলেন, অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া না হলে পরবর্তী সময়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, মুজিবনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা খানজাহান আলী, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হোসেন, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আজমাইন হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।


