টানা ভারী বর্ষণে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বিভিন্ন স্থানে দফায় দফায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে কয়েক ঘণ্টা সড়কটিতে যান চলাচল বন্ধ থাকে। পরে সেনাবাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ছাড়া উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত সময়ে এসব ঘটনা ঘটে।
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক উন্নয়ন প্রকল্পের পরিচালক কর্নেল হুমায়ুন কবির জানান, ভারী বর্ষণের কারণে সড়কটির বেশ কয়েকটি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। দুর্ঘটনা এড়াতে পর্যটক ও যানবাহনের চালকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে কক্সবাজারের কলাতলী এলাকায় পাহাড় ধসের ঘটনায় তিনজন আহত হয়েছেন। মাটিচাপা পড়েছে তিনটি বসতঘর। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
অন্যদিকে উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে নুনুজিয়া নামের আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
উখিয়া ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. আসাদুজ্জামান জানান, বুধবার দুপুরে ক্যাম্প-১৩-এর এফ-৫ ব্লকে টানা বৃষ্টির কারণে একটি আশ্রয়কেন্দ্রের ওপর পাহাড় ধসে পড়ে। এতে নুনুজিয়া নামের ওই শিশু মাটিচাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত ক্যাম্পসংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।


