কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী মিয়ানমারের অভ্যন্তরে সে দেশের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির (এএ) পুঁতে রাখা স্থলমাইনের বিস্ফোরণে এক বাংলাদেশী নাগরিক গুরুতর আহত হয়েছেন।
বিস্ফোরণে তার ডান পা ও শরীরের ডান পাশের অংশ গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে। সীমান্তের বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টার দিকে উখিয়া বালুখালী সীমান্তের মিয়ানমার অংশের ৭০০ মিটার ভেতরে স্থলমাইন বিস্ফোরণ এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বালুখালী জুমের ছড়া এলাকার বাসিন্দা বদি আলম (৩২)।
স্থানীয়রা জানান, বদি আলম বৃহস্পতিবার সকালে বালুখালী বিজিবি বিওপির পেছনের সীমান্তবর্তী এলাকা নাফ নদীতে মাছ ধরতে যান। এ সময় মিয়ানমারের অভ্যন্তরে চর এলাকায় আরাকান আর্মির পূর্বে পুঁতে রাখা একটি স্থলমাইনের বিস্ফোরণ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: জহিরুল ইসলাম জানিয়েছেন, বিজিবি বালুখালী বিওপির পেছনের সীমান্তবর্তী এলাকা নাফ নদীতে মাছ ধরতে গিয়ে একজন ব্যক্তি স্থলমাইন বিস্ফোরণে আহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির পূর্বে পুঁতে রাখা স্থলমাইনের বিস্ফোরণে তিনি আহত হয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তবর্তী এলাকায় জনসাধারণকে সর্বোচ্চ সতর্কতার সাথে চলাচলের আহ্বান জানানো হচ্ছে।


