গ্যাস সঙ্কট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির পাশাপাশি নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন রাজশাহীর ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশে এ স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, গ্যাস ও বিদ্যুতের সঙ্কট, ঘন ঘন লোডশেডিং ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। এর সাথে নেসকোর প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগ উত্তরাঞ্চলের মানুষের স্বার্থের পরিপন্থী এবং এ অঞ্চলের উন্নয়ন ও প্রশাসনিক গুরুত্বকে ক্ষতিগ্রস্ত করবে।
বক্তারা অবিলম্বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত, লোডশেডিং বন্ধ এবং নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই বহাল রাখার দাবি জানান।
মানববন্ধন শেষে ১১ দলীয় ঐক্যের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক (ডিসি) কাজী শহিদুল ইসলামের কাছে প্রধানমন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি হস্তান্তর করেন।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, জেলা সেক্রেটারি গোলাম মোর্তুজা, মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার ও এনসিপির রাজশাহী মহানগর আহ্বায়ক মোবাশ্বের আলীসহ অন্য নেতারা।


