কিশোরগঞ্জে মাদক থেকে দূরে থাকার শপথ নিয়েছে ২০০ শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে জেলা শহরের কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে মাদকবিরোধী আলোচনা সভায় তারা এ শপথ নেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কিশোরগঞ্জ জেলা কার্যালয় এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: এনামুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: এনায়েত হোসেন ও কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম।
সভায় শিক্ষার্থীদের মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয়। পরে ২০০ শিক্ষার্থীকে মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান নাজমুস সামা।
এ সময় শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী লিফলেট এবং মাদকবিরোধী স্লোগানসংবলিত খাতা ও কলম বিতরণ করা হয়।
আলোচনা সভায় নাজমুস সামা বলেন, ‘মাদকের বিস্তার ঠেকাতে সচেতনতার বিকল্প নেই। শিক্ষার্থীরা মাদকের কুফল সম্পর্কে সচেতন হলে পরিবার ও সমাজের অন্যদেরও সচেতন করতে পারে। এতে মাদকমুক্ত পরিবার ও সমাজ গড়ে তোলা সম্ভব।’
সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


