ময়নসিংহের ভালুকায় পুকুরের পানিতে ভাসমান অবস্থায় মো: রুবেল মিয়া (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ভায়াবহ বাজারের কাছের একটি পুকুর থেকে ওই লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবক রুবেল উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের ভায়াবহ গ্রামের আবু হানিফার ছেলে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, মো: রুবেল মিয়া বুধবার (১২ আগস্ট) রাত ১টার দিকে বাড়ি থেকে বের হন। পরে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভায়াবহ বাজারের কাছের একটি পুকুরে রুবেল মিয়ার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ওই লাশ উদ্ধার করে।
লাশ উদ্ধারকারী ভালুকা মডেল থানার এসআই সাইমন জানান, পুকরের পানি থেকে উদ্ধার করে আনা লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।


