ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) সকালে উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, টিয়ারা গ্রামের হোসেন চেয়ারম্যান ও আতিকুর রহমান শিশু— দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। আগের বিরোধের জের ধরে দুই গ্রুপের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে ১০ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে এবং গুরুতর আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম চৌধুরী বলেন, সকালে দুই গ্রুপের মধ্যে দাঙ্গা বাধে। খবর পেয়ে আমরা সেখানে উপস্থিত হই। এর আগে দুই পক্ষের ১০ জন আহত হয়। তবে বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা ঘটনাস্থলে অবস্থান করছি।


