সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে সিসিক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু, আহত ২

প্রতিদিনের মতো রোববার সিটি করপোরেশনের তত্ত্বাবধানে চারজন শ্রমিক মসজিদের ছাদ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে যান। এ সময় মসজিদ কমিটির ক্যাশিয়ারও সেখানে উপস্থিত ছিলেন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা |নয়া দিগন্ত

সিলেট নগরীতে মসজিদের ছাদ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সাথে থাকা আরো দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) দুপুর ১২টার দিকে ছড়ারপার এলাকায় একটি জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পরিচ্ছন্নতাকর্মীর নাম নাইম আহমদ (২০)। তিনি নগরীর কোতোয়ালী থানার শেখঘাট ভাঙ্গাটিকরপাড়া এলাকার মুহিবুর রহমানের ছেলে। আহতরা হলেন— একই এলাকার ইলিয়াছ আলীর ছেলে অপু (১৯) ও আল-আমিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার সিটি করপোরেশনের তত্ত্বাবধানে চারজন শ্রমিক মসজিদের ছাদ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে যান। এ সময় মসজিদ কমিটির ক্যাশিয়ারও সেখানে উপস্থিত ছিলেন। ছাদের রাস্তার পাশের অংশে কাজ করার সময় লম্বা ও বাঁকা কয়েকটি রডের মাধ্যমে তিন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই নাইমের মৃত্যু হয়। স্থানীয়রা আহত অপু ও আল-আমিনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাইমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।