গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীর এক যুবককে ইতালি নেয়ার কথা বলে লিবিয়ায় আটকে নির্যাতন করে মুক্তিপণ আদায় করার মামলার প্রধান আসামি ইলিয়াস ফকিরকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ শনিবার তাকে বরিশাল মানবপাচার প্রতিরোধ দমন বিশেষ ট্রাইব্রুনাল আদালতে সোপর্দ করা হবে।
গ্রেফতার ইলিয়াস গোপালগঞ্জের মুকসুদপুর থানার রাঘদী ইউনিয়নের বড়দিয়া গ্রামের আক্কাস ফকিরের ছেলে। তার বিরুদ্ধে মাদারীপুর ও বরিশাল জেলার একাধিক মানবপাচার মামলা রয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা গ্রামের বারেক বেপারীর ছেলে রাসেল বেপারীকে (২৯) ইতালি নেয়ার জন্য ইলিয়াসের সাথে চুক্তি হয়। চুক্তিমতে গত বছরের ২৩ নভেম্বর দালালচক্রের হাতে ২০ লাখ টাকা তুলে দেয় রাসেলের পরিবার।
পরে ২৪ নভেম্বর রাসেলকে শ্রীলঙ্কা নিয়ে যান দালালচক্র। সেখান থেকে সৌদি আবর, কুয়েত, মিশর, সবশেষ তাকে লিবিয়ায় নিয়ে বন্দি করে ইলিয়াস ও ওই চক্রের সদস্যরা। তাকে শারিরীক নির্যাতন করে পরিবারের কাছে ভিডিও পাঠিয়ে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে মানবপাচারকারী চক্রের সদস্যরা। কয়েক ধাপে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ও নগদসহ বিভিন্ন মাধ্যমে ২৪ লাখ টাকা মুক্তিপণ দেয় যুবকের পরিবার।
এরপরে গত ১৬ জুন বিমানের মাধ্যমে রাসেলকে বাংলাদেশে ফেরত পাঠায় ওই দালালচক্র। এই ঘটনায় ভুক্তভোগী রাসেল দেশে এসে ১২ জুলাই বরিশালের মানবপাচার প্রতিরোধ দমন বিশেষ ট্রাইব্যুনাল আদালতে ইলিয়াস ফকিরসহ ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় মামলার প্রধান আসামি ইলিয়াকে শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করে র্যাব-১২।
শুক্রবার গভীর রাতে র্যাব সদস্যরা গ্রেফতার ইলিয়াসকে গৌরনদী মডেল থানায় সোপর্দ করে। শনিবার বরিশালের বিশেষ আদালতে তাকে তোলা হবে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তারিক হাসান রাসেল বলেন, ‘লিবিয়ায় নির্যাতনের শিকার এক যুবকের করা মামলায় মানবপাচারকারী চক্রের সদস্য ইলিয়াস ফরিককে র্যাব-১২ গ্রেফতার করে শুক্রবার গভীর রাতে গৌরনদী মডেল থানায় সোপর্দ করেছে। এই মামলার অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’
তিনি আরো বলেন, ‘মানবপাচারচক্রের সক্রিয় সদস্য ইলিয়াসের বিরুদ্ধে মাদারীপুরে তিনটি ও বরিশালে একটি মানবপাচার মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ান জারি করেছেন আদালত। ইলিয়াসের বিরুদ্ধে অন্য মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হবে।’


