চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবি করার অভিযোগে মো: সবুজ শেখ (৩৩) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে।
সাজাপ্রাপ্ত সবুজ শেখ চুয়াডাঙ্গা পৌর শহরের কাছেদ আলীর ছেলে।
ভূমি অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে সবুজ শেখ আলমডাঙ্গা উপজেলা ভূমি অফিসে প্রবেশ করে নিজেকে একটি সংবাদপত্রের প্রতিনিধি হিসেবে পরিচয় দেন। একপর্যায়ে পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অজুহাতে তিনি অর্থ (চাঁদা) দাবি করেন। তার কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী তার ব্যবহৃত পত্রিকার বিবরণ ও সম্পাদকের সাথে যোগাযোগের বিষয়ে জানতে চান।
জিজ্ঞাসাবাদের মুখে সবুজ শেখ তার কথিত পত্রিকার সম্পাদক বা নাম সম্পর্কে কোনো সঠিক তথ্য দিতে ব্যর্থ হন। পরবর্তীতে তিনি ভুয়া পরিচয়ে অর্থ হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে আসার বিষয়টি স্বীকার করেন।
এ সময় তার কাছ থেকে ‘দি বাংলা ইন্ডিপেন্ডেন্ট’ নামের একটি কম্পিউটার-জেনারেটেড ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়।
অভিযোগ রয়েছে, এই ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে তিনি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সরকারি দফতরে গিয়ে সাংবাদিকতার দোহাই দিয়ে চাঁদা আদায় করে আসছিলেন।
ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শাহনেওয়াজ মেহেদী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডবিধির ১৮৬ ধারায় সরকারি কাজে বাধা দেয়া ও প্রতারণার অভিযোগে সবুজ শেখকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তবে তার সঙ্গে থাকা অপর এক ব্যক্তিকে ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী জানান, ‘সরকারি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করা এবং সরকারি কাজে বাধা দেয়ার সুনির্দিষ্ট অভিযোগে ওই ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকারি দফতরের ভাবমূর্তি রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’


