এসএসসিতে সিলেট শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুলের সাফল্য, পাশের হার ৯৪ শতাংশ

এ বছর শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল থেকে ৪৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাশের হার ৯৪ শতাংশ।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা
শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা |নয়া দিগন্ত

এবারের এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে সিলেটের মিরাবাজারের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ। ২০২৬-এর ফলাফলে প্রতিষ্ঠানটি থেকে ২৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ২২০ জন। পাশের হার ৯৪ দশমিক দুই শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন।

গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমলেও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে সাফল্য ধরে রেখেছে প্রতিষ্ঠানটি। ২০২৫ সালে ২৬৭ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ২৫৮ জন উত্তীর্ণ হয়েছিল। ওই বছর পাশের হার ছিল ৯৬ দশমিক ৬৩ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছিল ৪৫ জন।

অর্থাৎ এক বছরের ব্যবধানে জিপিএ-৫-এর সংখ্যা অপরিবর্তিত থাকলেও পাশের হার কমেছে দুই দশমিক ৬১ শতাংশ। একইসাথে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৩৩ জন ও উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৩৮ জন।

২০২৬ সালের ফলাফলে জিপিএ-৫ প্রাপ্ত ৪৫ শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের ৪৪ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগের একজন। তাদের মধ্যে ছাত্রী ২৬ জন ও ছাত্র ১৯ জন।

এ বছর ২৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২২০ জন উত্তীর্ণ হওয়ায় ১৪ জন অকৃতকার্য হয়েছে। জিপিএ-৫ ছাড়াও এ গ্রেডে ৮২ জন, এ মাইনাসে ৫৩ জন, বি গ্রেডে ৩২ জন ও সি গ্রেডে ৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

এদিকে ২০২৬ সালের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সোমবার (১০ আগস্ট) প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সকলের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী।

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের একনিষ্ঠ প্রচেষ্টা ও অভিভাবকদের অকৃত্রিম সহযোগিতার ফসল এই সাফল্য। প্রতিকূলতা অতিক্রম করে তারা যে মেধার স্বাক্ষর রেখেছে, তাতে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।’

অধ্যক্ষ আরো বলেন, ‘শুধু জিপিএ-৫ বা প্রাতিষ্ঠানিক ফলাফলই শেষ কথা নয়; শিক্ষার্থীদের সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য।’

তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান ও মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন।

ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, কলেজ ইনচার্জ রফিকুল ইসলাম মজুমদার, ইনচার্জ জাকিয়া নুরী চৌধুরী, মোরশেদা আকতার, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মুহাম্মদ মুহিব আলী, শ্রেণি শিক্ষক আজাদ মিয়া, আব্দুর রব, জাকিয়া ফেরদৌসী, ইয়াসমিন আরা, দিলরুবা আক্তার, আব্দুর রশিদসহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানের দুই বছরের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, জিপিএ-৫-এর সংখ্যা ধরে রাখতে পারলেও সার্বিক পাশের হারে কিছুটা পিছিয়েছে প্রতিষ্ঠানটি। তবে পরীক্ষার্থীর সংখ্যা কমার মধ্যেও ৪৫ জন শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জনকে উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখছেন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।