কুয়াকাটা সমুদ্রসৈকত ঘুরে বন্ধুদের সাথে বাড়ি ফেরার পথে মাদারীপুরের শিবচর সরকারি বরহামগঞ্জ কলেজের জাহিদ হাওলাদার (২৩) নামে এক কলেজ শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ৬টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের খলিশাখালী হেলিপোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদ শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা গ্রামের মো: শাহিন হাওলাদারের ছেলে।
স্বজনরা জানায়, গত পরশুদিন আট বন্ধু মিলে চারটি মোটরসাইকেল যোগে কুয়াকাঁটা বেড়াতে যান। শুক্রবার ৩১ জুলাই সকালে বাড়ির উদ্দেশে রওনা দেয়ার পর পথে বৃষ্টির কারণে কিছুক্ষণ খলিশাখালী এয়ারপোর্ট এলাকায় যাত্রাবিরতি নেয়। পরে আবার যাত্রা শুরু করলে জাহিদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গ্রীন লাইন পরিবহনের একটি বাসের নিচে চলে যায়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। সাথে থাকা বন্ধুরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের খালাতো ভাই সায়েম আহমেদ বলেন, ‘কয়েক মুহূর্ত আগেও আমরা সবাই একসাথে ছিলাম। হঠাৎ মোটরসাইকেলটি বাসের নিচে চলে যায়। চোখের সামনেই জাহিদকে হারাতে হয়েছে।’
নিহতের মা বলেন, ‘আমার ছেলে জাহিদ বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিল। ফিরে আসার পথেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।’
পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: আফতাব উদ্দিন জানান, হাসপাতালে আনার আগেই জাহিদের মৃত্যু হয়েছিল। প্রয়োজনীয় পরীক্ষা শেষে লাশ আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
পটুয়াখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।’
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন নয়া দিগন্তকে বলেন, ‘ঘটনাটি খুবই হৃদয়বিদারক। যেহেতু এটা শিবচর থানার এরিয়ার বাইরে ঘটেছে, তাই পটুয়াখালীর পুলিশ আইনি ব্যবস্থা নিবেন।’


