জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি জুলাই নেমে আসবে : ১১ দলীয় ঐক্যজোট

ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণঅভ্যুত্থান ও সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনার সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণসমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

Location :

Brahmanbaria
জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি জুলাই নেমে আসবে : ১১ দলীয় ঐক্যজোট
জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি জুলাই নেমে আসবে : ১১ দলীয় ঐক্যজোট |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণঅভ্যুত্থান ও সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনার সরকারের পতনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণসমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট।

সমাবেশ থেকে বক্তারা জুলাই সনদ ও জুলাই চার্টার দ্রুত বাস্তবায়ন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার সম্পন্ন এবং রাজনৈতিক সংস্কারের দাবি জানিয়ে বলেন, এসব দাবি বাস্তবায়ন না হলে নতুন করে জুলাইয়ের মতো আন্দোলন গড়ে উঠবে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চ (কাচারিপাড়া) প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন খেলাফতে মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আজিজ খন্দকার। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মাওলানা মোবারক হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোবারক হোসেন অভিযোগ করেন, ২০০৮ সালের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে আওয়ামী লীগ ধাপে ধাপে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়। তিনি আরও দাবি করেন, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড, ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনা, জামায়াতের শীর্ষ নেতাদের বিচারিক প্রক্রিয়ায় মৃত্যুদণ্ড কার্যকর এবং পরবর্তী নির্বাচনগুলো অনিয়ম ও ভোট কারচুপির মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনার প্রায় ১৭ বছরের শাসনামলে মানুষ স্বাধীনভাবে কথা বলতে ও ন্যায্য দাবি আদায় করতে পারেনি। সেই ক্ষোভ থেকেই ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের সূচনা হয়, যা পরবর্তীতে গণঅভ্যুত্থানে রূপ নেয়। ওই আন্দোলনে বহু মানুষ নিহত, আহত ও পঙ্গুত্ববরণ করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

মোবারক হোসেন অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার এখনো সম্পন্ন হয়নি। তিনি বলেন, ২০২৬ সালের নির্বাচনের আগে গণভোট বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়া হলেও তা কার্যকর হয়নি। একই সাথে জুলাই সনদ ও জুলাই চার্টারও বাস্তবায়িত হয়নি। এসব দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে আবারো জুলাইয়ের মতো আন্দোলন গড়ে তোলা হবে।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ব্রাহ্মণবাড়িয়া জেলা আহ্বায়ক মো: জাহাঙ্গীর আলম।

এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাহী সভাপতি মাওলানা মাঈনুল ইসলাম খন্দকার, এনসিপির জেলা সদস্যসচিব প্রকৌশলী আমিনুল হক চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, ছাত্রশিবিরের জেলা সভাপতি জুলফিকার হায়দার রাফি, ছাত্রশক্তির জেলা আহ্বায়ক তাজুল ইসলামসহ ১১ দলীয় ঐক্যজোটের অন্যান্য নেতারা।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করে তাদের আত্মত্যাগের রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করা, জুলাই সনদ বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার এবং রাজনৈতিক সংস্কারের দাবি জানান।