চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদকসহ ৪ জন এবং চুরি মামলার ১ জনসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় চুয়াডাঙ্গাজুড়ে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে গত সোমবার (১০ আগস্ট) রাতে আলমডাঙ্গা থানা-পুলিশের আলাদা কয়েকটি দল এই অভিযান পরিচালনা করে।
প্রথম অভিযানে এসআই ওয়াহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ টিম উপজেলার পারকুলা বাজার এলাকা থেকে ১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো: জিহাদ (২৫) নামের এক তরুণকে গ্রেফতার করে।
অন্য এক অভিযানে ওসমানপুর পুলিশ ক্যাম্পের এসআই নবান হোসেন উপজেলার ওসমানপুর গ্রামের একটি বাড়ি থেকে ১ পিস করে মোট ৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো: মিরা খন্দকার (৩৬), মো: সাকিব (২০) ও মো: শুভ (২০) নামের তিনজনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতদের তাৎক্ষণিক বিচারের জন্য সামারি ট্রায়াল কোর্টে প্রেরণ করা হয়েছে।
অন্যদিকে, আলমডাঙ্গা থানার একটি চুরি মামলার (জিআর-২১২) তদন্তে প্রাপ্ত আসামি মো. মোমিন হোসেনকে (৩৫) স্টেশনপাড়া এলাকা থেকে গ্রেফতার করে এসআই আলমগীর কবীরের নেতৃত্বে একটি দল। মোমিন পাবনা জেলার ঈশ্বরদী থানার ফতে মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা।
গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনী ইসরাঈল জানিয়েছেন।


