ফেনীতে প্রশাসনের নির্লিপ্ততার প্রতিবাদে পুলিশ সুপার কার্যালয়ে অবস্থান

আন্দোলনকারীরা ‘ছাত্রলীগ মিছিল করে, পুলিশ সুপার কি করে’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘আওয়ামী লীগ মিছিল করে, প্রশাসন কি করে’ ইত্যাদি স্লোগান দেয়।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
অবস্থান কর্মসূচি
অবস্থান কর্মসূচি |নয়া দিগন্ত

ফেনীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ-যুবলীগের অপতৎপরতা ও প্রশাসনের নির্লিপ্ততার প্রতিবাদে পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য।

সোমবার (৩ আগস্ট) দুপুরে আন্দোলনকারীরা আধা ঘণ্টা অবস্থান নিয়ে তিন দফা দাবি পেশ করেন।

এসময় আন্দোলনকারীরা ‘ছাত্রলীগ মিছিল করে, পুলিশ সুপার কি করে’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘আওয়ামী লীগ মিছিল করে, প্রশাসন কি করে’ ইত্যাদি স্লোগান দেয়।

এসময় উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুহাইমিন তাজিম, জুলাই যোদ্ধা ইকরাম মাসুম খান পারভেজ, নুর হোসেন, আবু জাফর ও মো: ইয়াছিন।

মুহাইমিন তাজিম বলেন, ‘২০২৪ সালের ১৭ জুলাই, ১৯ জুলাই এখানে যারা হামলা করেছে ও ৪ আগস্ট মহিপালে যারা গণহত্যা চালিয়েছে তাদের যেভাবে হোক গ্রেফতার করতে হবে। পাশাপাশি যারা বিভিন্নভাবে জুলাই যোদ্ধাদের হুমকি দিচ্ছে তাদের যেন গ্রেফতার করা হয়।’

এছাড়া ঝটিকা মিছিলে যারা থাকে তাদের যেন প্রযুক্তির সহায়তায় চিহ্নিত করা হয়, চিহ্নিত করে গ্রেফতার করা হয়। পুলিশ প্রশাসন এসব বিষয়ে অবহেলা করছে বলে তিনি অভিযোগ করেন।

পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার তাদের দাবি শুনেন।

তিনি বলেন, ‘আমার পুলিশ কাজ করে যাচ্ছে। সর্বশেষ মিছিলের ঘটনায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। যে নোমান হাবিবের কথা বলছেন তার তথ্য ইমিগ্রেশনে ইতিমধ্যে পাঠানো হয়েছে। তাকে গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে।’