নোয়াখালী পৌরসভায় প্রবাসীর স্ত্রীর বুকে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করার ঘটনায় আনোয়ার হোসেন টিটু (৩১) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে পাঁচ রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিনসহ একটি বিদেশী পিস্তল, ৪০ পিস ইয়াবা, নগদ ২৭ হাজার টাকা, দু’টি মোবাইল ও দু’টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বুধবার (৫ আগস্ট) দুপুরে তাকে নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
জানা যায়, নোয়াখালী পৌরসভার মাইজদী হক ম্যানশন ভবনের ৪র্থ তলায় ভাড়া থাকতেন প্রবাসীর স্ত্রী নাঈমা আক্তার। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে তিনজন সন্ত্রাসী তার বাসায় ঢুকে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। সেইসাথে সন্ত্রাসীরা জোরপূর্বক সাদা স্টাম্পে স্বাক্ষর নেয়।
খবর পেয়ে সুধারাম মডেল থানার পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। পুলিশ ভবনের ৪র্থ তলায় ওঠার সময় দ্বিতীয় তলার সিঁড়িতে অবস্থান করছিলেন আনোয়ার হোসেন টিটু। নিচে নামার সময় পুলিশের সন্দেহের সৃষ্টি হলে তাকে আটক করে। পরে তল্লাশিকালে তার কাছ থেকে পাঁচ রাউন্ড গুলি ভর্তি ম্যাগজিনসহ একটি বিদেশী পিস্তল, প্যাকেটে রক্ষিত ৪০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২৭ হাজার টাকা ও দু’টি মোবাইলফোন উদ্ধার করা হয়।
এরপর বিল্ডিয়ের নিচে সন্ত্রাসীদের ব্যবহৃত দু’টি মোটরসাইকেল আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুই আসামি পালিয়ে যায়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। পলাতক দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।


