কুষ্টিয়ায় ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার

শনিবার সকালে দোকান থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকানের বাঁশের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় পচনশীল ও অর্ধগলিত লাশ উদ্ধার করে।

আ ফ ম নুরুল কাদের, কুষ্টিয়া

Location :

Kushtia
নিহত সিঙ্গাপুরপ্রবাসী ব্যবসায়ী হাবিবুল্লাহ
নিহত সিঙ্গাপুরপ্রবাসী ব্যবসায়ী হাবিবুল্লাহ |নয়া দিগন্ত

কুষ্টিয়ায় কুমারখালী উপজেলায় নিজ দোকানঘরের মধ্যে থেকে হাবিবুল্লাহ (৩৮) নামে এক সিঙ্গাপুরপ্রবাসী ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে কুমারখালীর পান্টি বাজারে ‘হাবিবুল্লাহ স্টিল ফার্নিচার’ নামের দোকান থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত সিঙ্গাপুরপ্রবাসী ব্যবসায়ী হাবিবুল্লাহ পান্টি গ্রামের হামিদ মুসল্লির ছেলে।

পুলিশ জানিয়েছে, সোমবার (২৭ জুলাই) রাত থেকে হাবিবুল্লাহ নিখোঁজ ছিলেন। তবে নিখোঁজ থাকার পরও তার ব্যবহৃত মোবাইলফোন সচল ছিল। তার স্ত্রী ও একমাত্র সন্তান বেশ কিছুদিন ধরে ঝিনাইদহে বাবার বাড়িতে অবস্থান করছেন।

শনিবার সকালে দোকান থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকানের বাঁশের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় পচনশীল ও অর্ধগলিত লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, হাবিবুল্লাহ দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিলেন। পরে দেশে ফিরে স্টিল ফার্নিচারের ব্যবসার আড়ালে আদম ব্যবসার সাথে জড়িয়ে পড়েন। বিদেশে জনবল পাঠানোর ওই ব্যবসাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেছেন, ‘খবর পেয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় অর্ধগলিত লাশটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’