বরিশালের উজিরপুরে সরকারি দুস্থদের জন্য বরাদ্দ করা শত শত কম্বল রাস্তার পাশে খোলা আকাশের নিচে পড়ে থাকতে দেখা গেছে।
টানা বৃষ্টিতে পলিথিনে মোড়ানো কম্বলগুলো ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কম্বলগুলো কীভাবে সেখানে এল এবং এতদিন কোথায় ছিল—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার গুঠিয়া বাজার এলাকায় গুঠিয়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ের উত্তর পাশে কম্বলগুলোর স্তূপ দেখতে পান স্থানীয়রা। পরে জানা যায়, মৃত বাদশা হাওলাদারের ছেলে শাওন সজলের ব্যবহৃত একটি গোডাউন থেকে সেগুলো বের করে সেখানে রাখা হয়েছে।
স্থানীয়দের দাবি, কম্বলগুলোর গায়ে সরকারি সিল ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম রয়েছে। তাদের অভিযোগ, গত বছরের ৫ আগস্টের আগে কম্বলগুলো সরকারি গুদাম থেকে সরিয়ে ওই গোডাউনে রাখা হয়েছিল। তবে এই অভিযোগের পক্ষে স্বাধীনভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
অভিযোগ নাকচ করে শাওন সজল বলেন, গোডাউনটি তার প্রবাসী ছোট ভাইয়ের। দীর্ঘদিন পরিত্যক্ত ওই ঘরে স্থানীয় একটি ক্লাব সংস্কারের সময় কম্বলগুলো রেখেছিল। পরে ঘরটি ভাড়া দেয়ার প্রয়োজন হলে ক্লাবের সদস্যরাই কম্বলগুলো বের করে পলিথিন দিয়ে ঢেকে রাস্তার পাশে রাখেন। এতে তার কোনো সম্পৃক্ততা নেই।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আলী সুজা বলেন, ‘কম্বলগুলো সেখানে কীভাবে এসেছে, কারা রেখেছে এবং কেন রাস্তায় ফেলে রাখা হয়েছে—সব বিষয় তদন্ত করা হচ্ছে। জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। সরকারি সম্পদ উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
স্থানীয় বাসিন্দাদের দাবি, তদন্ত শেষ করে দ্রুত কম্বলগুলো সরকারি হেফাজতে নিয়ে প্রকৃত দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হোক।


