মাদারীপুরে হত্যা, বিস্ফোরকসহ সাত মামলার পলাতক আসামি ইয়াছিন বেপারীকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার দুই সহযোগীকেও আটক করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে পৌর শহরের নতুন মাদারীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইয়াছিন মাদারীপুর সদর উপজেলার পশ্চিম রাস্তি গ্রামের এলাহী বেপারীর ছেলে। আটক অপর দু’জন একই গ্রামের মরহুম রহমান মাতুব্বরের ছেলে হুমায়ুন মাতুব্বর (৩৪) ও সুমন বেপারীর ছেলে সজল বেপারী (১৮)।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার রাফিয়া রফিক ভাবনা জানান, গ্রেফতার ইয়াছিনের বিরুদ্ধে হত্যাসহ সাতটি মামলার ওয়ারেন্ট রয়েছে। বেশ কিছুদিন যাবৎ তাকে ধরতে কাজ করছিল পুলিশ।
তিনি আরো জানান, ইয়াছিন নতুন মাদারীপুর এলাকায় দীর্ঘদিন যাবৎ সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিলেন। মামলার ওয়ারেন্ট ছাড়াও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল।


