ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
মানিকগঞ্জের ঘিওরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভারও আয়োজন করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি জুলাই যোদ্ধা মো: রেজাউল করিম, মো: বসির, সাইফ আল লিছান, মো: রুবেল, মো: বাদল হোসেন, মো: কিরণ মিয়া, মো: আলম মিয়া, মো: আনোয়ার হোসেন, মো: রুবেল আলী, দেওয়ান রাকিবুল লিখন, মনির মিয়া, এইচ এম শাহাদাৎ নূর এবং মো: মোশারফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দেয়া হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগ ও গণতান্ত্রিক চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। একইসাথে ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ ও জবাবদিহিতা মূলক রাষ্ট্র গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা-তুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠানের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর ইসলাম, ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো: মেজবাহ উদ্দিন খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, ঘিওর প্রেসক্লাবের সভাপতি মহসিন খান হিরাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী ও সুধীজন উপস্থিত ছিলেন।


