ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে আশুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘বীর সাজবেন, ভালো কথা। খোঁচাখুঁচি করবেন না। খোঁচাখুঁচি করলে আমি ছোট মাছ খাই না, বড় মাছ আমার খুব ভালো লাগে। হাত দিলে আপনারা যাদের আব্বা ডাকেন, তাদের ইজ্জত থাকবে না।’
তিনি আরো বলেন, ‘আজ যারা বিপ্লবী সাজে, তারা গত ১৫ বছর কোথায় ছিল— সবাই জানে। রাতের অন্ধকারে কার দলের সাথে কার ব্যবসা হয়েছে, কে আওয়ামী লীগের নেতাদের সাথে হাত মিলিয়ে রাজনীতি করেছে— সবই জনগণ জানে।’
অনুষ্ঠানে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম সফিকুল আলম চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি শাহজাহান ভূঁইয়া, আশুগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন এবং উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক আমিনুল ইসলাম ডালিম। স্বাগত বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার।
আহত জুলাই যোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন জয়ন্তী বিশ্বাস, আরাফাত ও ইরফান। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আহত ‘খ’ ও ‘গ’ শ্রেণির জুলাই যোদ্ধাদের মধ্যে ক্রেস্ট ও উপহারসামগ্রী বিতরণ করেন।
এদিকে অনুষ্ঠান চলাকালে কয়েকজন জুলাই যোদ্ধা অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত ব্যক্তিদের মঞ্চে স্থান দেয়া হয়েছে, অথচ জুলাই যোদ্ধাদের বসানো হয়েছে চতুর্থ সারিতে। এ ঘটনায় তারা প্রকাশ্যে ক্ষোভ ও নিন্দা জানান। একই সাথে ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে প্রশাসনের আয়োজিত কোনো অনুষ্ঠানে অংশ নেবেন না বলেও সতর্ক করেন।


