নেত্রকোনায় পৃথক স্থানে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

বাড়ির পাশে পুকুরের তীরে সমবয়সী চাচাতো ভাইয়ের সাথে খেলার সময় আলিম পানিতে পড়ে তলিয়ে যায়। এ সময় অপর শিশুটি চিৎকার শুরু করে।

ফজলুল হক রোমান, নেত্রকোনা

Location :

Netrokona
পানিতে ডুবে শিশুর মৃত্যু
পানিতে ডুবে শিশুর মৃত্যু |প্রতীকী ছবি

নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা ও পূর্বধলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুই উপজেলার পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কলমাকান্দার রংছাতি ইউনিয়নের কালাইকান্দি গ্রামের রাজিব মিয়ার এক বছর বয়সী ছেলে সকালে বাড়ির পাশে খেলছিল। এ সময় পুকুরের তীরে খেলার একপর্যায়ে সকলের অজান্তে পানিতে পড়ে ডুবে যায়। তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। প্রায় দুই ঘণ্টা পর পুকুরের পানিতে তার লাশ ভেসে ওঠে। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশটি বাবা-মার একমাত্র সন্তান ছিল। সন্তান হারিয়ে তার বাবা-মা এখন পাগল প্রায়।

এদিকে একই উপজেলার পোগলা ইউনিয়নের শুনই গ্রামের টিটু মন্ডলের ১৮ মাস বয়সী শিশু তাসকিন দুপুরের দিকে বাড়ির পাশে ডোবার মধ্যে পড়ে যায়। সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান নয়া দিগন্তকে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে নিয়মমাফিক ইউডি (অপমৃত্যু) মামলা রেকর্ড করা হয়েছে।

অপরদিকে বুধবার দুপুরে পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামুদ গ্রামে পুকুরের পানিতে ডুবে আলিম নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বাড়ির পাশে পুকুরের তীরে সমবয়সী চাচাতো ভাইয়ের সাথে খেলার সময় আলিম পানিতে পড়ে তলিয়ে যায়। এ সময় অপর শিশুটি চিৎকার শুরু করে। বাড়ির লোকজন পানি থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।