ছয় সপ্তাহের বকেয়া মজুরির দাবিতে কমলগঞ্জে চা-শ্রমিকদের অবস্থান কর্মসূচি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানে টানা ছয় সপ্তাহের বকেয়া মজুরি পরিশোধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন চা-শ্রমিকরা।

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

Location :

Maulvibazar
ছয় সপ্তাহের বকেয়া মজুরির দাবিতে কমলগঞ্জে চা-শ্রমিকদের অবস্থান কর্মসূচি
ছয় সপ্তাহের বকেয়া মজুরির দাবিতে কমলগঞ্জে চা-শ্রমিকদের অবস্থান কর্মসূচি |সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগানে টানা ছয় সপ্তাহের বকেয়া মজুরি পরিশোধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন চা-শ্রমিকরা।

সোমবার (৩ আগস্ট) সকাল থেকে বাগানের চা কারখানার সামনে শতাধিক শ্রমিক সমবেত হয়ে দিনব্যাপী শান্তিপূর্ণ এ কর্মসূচি পালন করেন। এ সময় তারা দ্রুত বকেয়া মজুরি পরিশোধের দাবি জানান।

শ্রমিকদের অভিযোগ, টানা ছয় সপ্তাহ ধরে তাদের সাপ্তাহিক মজুরি (তলব) পরিশোধ করা হয়নি। ফলে পরিবার-পরিজন নিয়ে তারা চরম আর্থিক সঙ্কটে পড়েছেন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে চাল-ডালসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কেনা, সন্তানদের লেখাপড়ার ব্যয় এবং পরিবারের অসুস্থ সদস্যদের চিকিৎসার খরচ বহন করাও তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।

তারা জানান, জীবিকার তাগিদে অনেকেই উচ্চ সুদে ঋণ নিতে বাধ্য হয়েছেন। দীর্ঘদিন ধরে বকেয়া মজুরি না পাওয়ায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। অবিলম্বে সব বকেয়া মজুরি পরিশোধের দাবি জানিয়ে তারা সতর্ক করেন, দাবি পূরণ না হলে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

রহিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার বলেন, শ্রমিকদের সমস্যা দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরো জটিল হতে পারে। ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তার বিষয়টিও বিবেচনা করা উচিত।

এ বিষয়ে দেওড়াছড়া চা বাগানের ব্যবস্থাপক আবদুল্লাহ আল নোমান বলেন, চা বোর্ডের সাথে কিছু অভ্যন্তরীণ জটিলতা রয়েছে। আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা চলছে। একই সাথে শ্রমিকদের বকেয়া মজুরি দ্রুত পরিশোধের ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও তিনি জানান।