আজ প্রকাশিত হয়েছে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) ফলাফল। এতে সিলেট শিক্ষা বোর্ডে পাস করেছে ৫৮ দশমিক ৩৩ শতাংশ শিক্ষার্থী। যা এ বছর সারাদেশের শেষের দিকে ও গত ৫ বছরের মধ্যে সিলেটের সর্বনিম্ন।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াসমিন।
বোর্ডের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ২০২২ সালে সিলেটে পাসের হার ছিল ৭৮ দশমিক ৮২ শতাংশ, ২০২৩ সালে ৭৬ দশমিক ০৬ শতাংশ, ২০২৪ সালে ৭৩ দশমিক ০৫ শতাংশ, ২০২৫ সালে ৬৮ দশমিক ৫৭ শতাংশ ও চলতি বছরে ৫৮ দশমিক ৩৩ শতাংশ।
ফলাফল বিশেষণে দেখা যায়, গত পাঁচ বছর ধরে সিলেটে ধারাবাহিকভাবে কমছে পাসের হার।
পাসের হার কমা প্রসঙ্গে সিলেট বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াসমিন বলেন, ‘পরিবর্তিত সিলেবাস ও শিক্ষক সঙ্কটের কারণে পাসের হার কমেছে। সারাদেশের মধ্যেও পাসের হারে পেছনের দিকে অবস্থান সিলেটের।’
প্রকাশিত ফলাফলে দেখা যায়, ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ, রাজশাহীতে ৬৩ দশমিক ৬৭ শতাংশ, কুমিল্লায় ৬৫ দশমিক ৪২ শতাংশ, যশোরে ৬৬ দশমিক ২৭ শতাংশ, চট্টগ্রামে ৫৯ দশমিক ৪৮ শতাংশ, বরিশালে ৬০ দশমিক ৩৫ শতাংশ, সিলেটে ৫৮ দশমিক ৩৩ শতাংশ, দিনাজপুরে ৫৮ দশমিক শূন্য ৫ শতাংশ এবং ময়মনসিংহে ৫৭ দশমিক ৩৯ শতাংশ।
তবে পাসের হার কমলেও এবার সিলেটে জিপিএ-৫ বেড়েছে ২২২টি। গত বছর জিপিএ-৫ পেয়েছিল তিন হাজার ৬১৪ জন। আর ২০২২ সালে জিপিএ-৫ পেয়েছিল সাত হাজার ৫৬৫ জন, ২০২৩ সালে পাঁচ হাজার ৪৫২ জন ও ২০২৪ সালে পাঁচ হাজার ৪৭১ জন।
সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৯ হাজার ৪২১ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেন। এরমধ্যে উত্তীর্ণ হয়েছে ৫১ হাজার ৯৫৭ জন।
জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে ছাত্রীরা। মেয়েরা ৫৬.৭৮ শতাংশ ও ছেলেরা ৫৬.১২ শতাংশ পাস করেছে। সিলেটে এবার নয় প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ৯৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৮৯ হাজার ৪২১ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। যা গত বছরের তুলনায় ১২ হাজার ৭৯৮ জন কম।
পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৫৩ হাজার ৮৯১ জন এবং ছাত্র ৩৫ হাজার ৫৩০ জন।
জেলাভিত্তিক হিসেবে, পাশের হারে এগিয়ে সুনামগঞ্জ ও জিপিএ-৫-এ মৌলভীবাজার। জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, চার জেলার মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ছিল সিলেট জেলায়। এ জেলায় পরীক্ষার্থী ৩৫ হাজার ৩৩১ জন। তাদের মধ্যে ছাত্র ১৪ হাজার ৩২১ জন এবং ছাত্রী ২১ হাজার ১০ জন। জেলার ৩৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য পরীক্ষা কেন্দ্র ছিল ৯৪টি।
মৌলভীবাজারে পরীক্ষার্থী ছিল ১৯ হাজার ৯১৩ জন। এর মধ্যে ছাত্র সাত হাজার ৬৩১ জন ও ছাত্রী ১২ হাজার ২৮২ জন। জেলার ১৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন।
সুনামগঞ্জে পরীক্ষার্থী ছিল ১৮ হাজার ৩৮৩ জন। তাদের মধ্যে ছাত্র সাত হাজার ৫১৫ জন ও ছাত্রী ১০ হাজার ৮৬৮ জন। জেলার ২৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পরীক্ষা কেন্দ্র ছিল ৪৫টি।
হবিগঞ্জে পরীক্ষার্থী ছিল ১৫ হাজার ৭৯৪ জন। এরমধ্যে ছাত্র ছয় হাজার ৬৩ জন ও ছাত্রী নয় হাজার ৭৩১ জন। জেলার ১৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৪৯টি কেন্দ্রে পরীক্ষা দেয়।
এছাড়া বিভাগভিত্তিক ফলাফল অনুযায়ী, বিজ্ঞান বিভাগে পাসের হার ৮০ দশমিক ৩২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩,৬০৮ জন। ব্যবসায় শিক্ষায় পাসের হার ৬৪ দশমিক ০৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১০৮ জন ও মানবিকে পাসের হার ৪৮ দশমিক ১৬ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১২০ জন।


