সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ফের ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) সকালে সিলেট সদর উপজেলার তেমুখী এলাকায় ‘সদর উপজেলা ছাত্রলীগ’-এর ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়। এতে আনুমানিক ২০ থেকে ২৫ জন অংশ নেন। মিছিলের ছবি ও ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে অংশগ্রহণকারীদের বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে এবং শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানাতে দেখা যায়।
এদিকে নিষিদ্ধ সংগঠনের মিছিলের ঘটনায় রোববার (২ আগস্ট) রাতে জালালাবাদ থানায় এসআই আব্দুল মুকিত বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় ২৫ জনকে নামীয় আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।
এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
সোমবার (৩ আগস্ট) এ ব্যাপারে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের ঘটনায় একটি মামলা করা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে। মিছিলে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে। নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দিতে পুলিশ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, এর আগে গত ১৭ জুলাই ভোরে নগরীর টিবি গেট এলাকায় একটি ঝটিকা মিছিল বের করেছিল নিষিদ্ধ ছাত্রলীগ। সেই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছিল। কয়েকজনকে আটক করা হলেও অধিকাংশরাই রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে।
এর আগে নগরীর নবাব রোড, কাজীটুলাসহ নগরীর আরও কয়েকটি এলাকায় একই ধরনের ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ।


