চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে আমিনুল ইসলাম (৩২) নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় কক্ষের ভেতর থেকে তার স্ত্রী তাহমিনা আক্তারকে (২৪) গুরুতর রক্তাক্ত অবস্থায় এবং তাদের ১০ মাস বয়সী মেয়ে ফাতিহা আক্তারকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার বড়তাকিয়া বাজারের হোটেল রিল্যাক্স জোনের ১০৪ নম্বর কক্ষ থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়।
আমিনুল ইসলাম উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের আব্দুল হক মাস্টার বাড়ির আবুল হোসেনের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশে কর্মরত ছিলেন। তার স্ত্রী তাহমিনা আক্তার উপজেলার হাজীশ্বরাই এলাকার বাসিন্দা।
হোটেল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আমিনুল ইসলাম ও তার স্ত্রী রোববার দুপুর ২টার দিকে হোটেলে আসেন এবং ১০৪ নম্বর কক্ষ ভাড়া নেন। পরের দিন সোমবার সকাল সাড়ে ৯টায় দায়িত্বরত ম্যানেজার বার বার ডাকার পরও কোনো সাড়াশব্দ না পেয়ে দীর্ঘক্ষণ পর ভেতর রক্তাক্ত স্ত্রী দরজা খুলে দেন। খাটের পাশে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় স্বামীকে দেখতে পাওয়া যায়।
হোটেল ম্যানেজার সোহান বলেন, তারা গতকাল (রোববার) দুপুরে ভাড়া নেয়ার পর বিকেলে ও রাতে দু’বার বের হন। রাতে আমি আমার রুমে শুয়ে পড়ি, এরপর কোনো ধরনের সাড়াশব্দ শুনিনি। সকালে আমি ডাকা ডাকির পর শব্দ না পেয়ে সবাইকে জানাই।
মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে দায়িত্ব পালন করছেন নাদিম হায়দার চৌধুরী। তিনি বলেন, সকালে খবর পেয়ে পুলিশের একটি হোটেলে এসে রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে হাসপাতালে পাঠানো হয়। এবং ঝুলন্ত অবস্থায় স্বামীর লাশ পাওয়া যায়। লাশের সুরতহাল করে পোস্টমর্টেমের জন্য চট্টগ্রাম পাঠানো প্রক্রিয়াধীন। বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।


