চুয়াডাঙ্গার জীবননগর সাংবাদিক সমিতির সিনিয়র সদস্য ও দৈনিক কল্যাণ পত্রিকার উপজেলা প্রতিনিধি রমজান আলী (৪০) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন যাবৎ লিভারের সমস্যায় ভুগছিলেন। মরহুম রমজান আলী জীবননগর পৌর এলাকার লক্ষ্মীপুর মিলপাড়ার আনসার আলীর ছেলে।
তিনি সাংবাদিকতা পেশার পাশাপাশি সংবাদপত্র পরিবেশক ছিলেন। কর্মজীবনে সততা ও নিষ্ঠার জন্য তিনি সবার কাছে অত্যন্ত সমাদৃত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
বুধবার (২৯ জুলাই) বাদ আসর লক্ষ্মীপুর সরকারি আদর্শ মহিলা ডিগ্রি কলেজের পেছনের ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহফুজ আলম, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক কাজী বদরুদ্দোজা, জেলা সিপিবির সাধারণ সম্পাদক রাজেদুল ইসলাম, সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, জীবননগর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, জীবননগর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল মাহতাব মানিক, সাধারণ সম্পাদক রিপন হোসেন, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমানসহ তার সহকর্মী, আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


