চার দফা দাবি আদায়ে সিলেটে মিছিল ও সমাবেশ করেছেন চা শ্রমিকরা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে দাবি বাস্তবায়নে ১৫ দিনের সময়সীমা ঘোষণা করেছেন তারা। নির্ধারিত সময়ে দাবি পূরণ না হলে সিলেটের ২৩টি চা বাগানের শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
রোববার (৯ আগস্ট) দুপুরে নগরীর মালনীছড়া চা বাগান এলাকা থেকে শ্রমিকদের মিছিল শুরু হয়। মিছিলটি আম্বরখানা, চৌহাট্টা ও জিন্দাবাজার হয়ে কোর্টপয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান মজুরিতে জীবনধারণ করা কঠিন হয়ে পড়েছে। দুই দিন আগে জেলা প্রশাসকের সাথে আলোচনায় দাবি বাস্তবায়নে ১৫ দিনের সময় নেয়া হয়েছে। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশ শেষে শ্রমিক প্রতিনিধিরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের কাছে স্মারকলিপি দেন।
চা শ্রমিকদের চার দফা দাবির মধ্যে রয়েছে—দৈনিক মজুরি ন্যূনতম ৫০০ টাকা নির্ধারণ, ৫ শতাংশ মজুরি বৃদ্ধির গেজেট বাতিল, চা জনগোষ্ঠীর ভূমির মালিকানা নিশ্চিত করা এবং দ্রুত চা শ্রমিক ইউনিয়নের সিবিএ নির্বাচন আয়োজন। দাবি আদায়ে এর আগেও বিভিন্ন সময়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক বলেন, শ্রমিকদের দাবিগুলো দ্রুত যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। সরকার বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জেলা প্রশাসক আরো জানান, শ্রমিকদের চার দফা দাবির একটি—চা শ্রমিক ইউনিয়নের সিবিএ নির্বাচন—ইতোমধ্যে প্রক্রিয়াধীন। এ জন্য অর্থ মন্ত্রণালয় ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শিগগিরই নির্বাচনের আয়োজন করবে।


