বরিশালের উজিরপুরে গভীর রাতে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩২০পিস ইয়াবা ট্যাবলেটসহ মাসুম হাওলাদার নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আগের একটি মামলার গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলা মডেল থানা পুলিশ এ বিষয়টি নিশ্চিত করেছে।
গ্রেফতার মাসুম উপজেলার সানুহার গ্রামের আলতাফ ওরফে জাহাঙ্গীর হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার সানুহার এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মাসুমকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করে আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম নয়া দিগন্তকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালিয়ে ৩২০ পিস ইয়াবাসহ মাসুম হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আগের একটি মামলার গ্রেফতারি পরোয়ানাও রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।’


