নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের সালথায় মোটরসাইকেলের ধাক্কায় জান্নাতী আক্তার (৫) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের বড় বাংরাইল গ্রামের একটি পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ভুক্তভোগী জান্নাতী স্থানীয় বড় বাংরাইল পশ্চিমপাড়ার ইলিয়াস মুন্সির মেয়ে ও বড় বাংরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কয়েকজন সহপাঠীর সাথে স্কুলে যাচ্ছিল জান্নাতী। এ সময় একই গ্রামের সেলিম মুন্সির ছেলে সজিব মুন্সি দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে ফুলবাড়িয়া বাজারের দিকে যাচ্ছিল। এ সময় তার মোটরসাইকেলটি পেছন থেকে জান্নাতিকে ধাক্কা দিলে সে মারত্মক আহত হয়।
পরে স্থানীয়রা দ্রুত তাকে ফুলবাড়িয়া বাজারে নিয়ে যান। এরপরে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সালথা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


