রাজশাহী ব্যুরো
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নানা সমস্যা, সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের পাশাপাশি রাজশাহী মহানগরীর জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
বুধবার বিকেলে আরএমপি সদর দফতরের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে বিদ্যমান সুযোগ-সুবিধা, সমস্যা ও বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন। একই সাথে নগরীর বিভিন্ন সমস্যা সমাধানে পুলিশের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভায় দায়িত্ব পালনের সময় পুলিশের সহযোগিতা, প্রয়োজনীয় তথ্যপ্রাপ্তি, পুলিশি সেবা, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সমন্বয় এবং সাংবাদিকদের জন্য অনুকূল পেশাগত পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। এসব ক্ষেত্রে বিদ্যমান সমস্যা ও সীমাবদ্ধতা দূর করতে পুলিশের আরও সহযোগিতা ও কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা জানান সাংবাদিকরা।
এ ছাড়া নগরীর যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত করা, অতিরিক্ত অটোরিকশা নিয়ন্ত্রণ, মাদক ও জুয়ার বিস্তার রোধ, মাজারকেন্দ্রিক মাদক সেবন বন্ধ এবং কিশোর গ্যাং নিয়ন্ত্রণের বিষয়গুলোও আলোচনায় আসে। পাশাপাশি অনিবন্ধিত নিউজ পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং সন্ধ্যার আগেই নগরীর বিভিন্ন কোচিং সেন্টার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পুলিশ কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা।
সাংবাদিকদের উত্থাপিত বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। তিনি প্রতিটি বিষয় গুরুত্বের সাথে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
পুলিশ কমিশনার বলেন, গণমাধ্যম ও পুলিশের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও সম্মিলিত প্রচেষ্টা জনসচেতনতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের মতবিনিময়ের মাধ্যমে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
সভায় সাংবাদিকদের পক্ষে বক্তব্য দেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা. আব্দুল আউয়াল ও সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্তসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকরা।
এ সময় আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (সদর) পদে কর্মরত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. দেলোয়ার হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আবুল কালাম সাহিদ এবং উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র মো. গাজিউর রহমান, পিপিএম উপস্থিত ছিলেন।


