ফেনী অফিস
ফেনীতে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ফেনী জেলার শহীদ পরিবারের সদস্যদের আয়োজনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে শহরের কিং অব ফেনী কমিউনিটি সেন্টারে ‘আমরা জুলাই-২৪ শহীদ পরিবার’ ব্যানারে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শহীদ ইকরাম হোসেন কাওসারের বাবা মাওলানা আনোয়ার হোসেন।
সন্তান হত্যার বিচার চেয়ে বক্তব্য রাখেন শহীদ সরোয়ার জাহান মাসুদের মা বিবি কুলসুম।
সংগঠনের সভাপতি ও শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের বাবা নেছার আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা হক এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মনিরা হক বলেন, ‘মহিপালের শহীদরা ফেনীর ইতিহাস ও দেশের অবিচ্ছেদ্য অংশ। তাদের ফেনীর মানুষ আজীবন স্মরণ করবে।’
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ‘আমাদের পুলিশ কাজ করছে। যারা মিছিল করছে তাদের গ্রেফতার করা হচ্ছে। যারা অপরাধ করবে তাদের ছাড় দেয়া হবে না। ছাড় দেওয়ার মানসিকতা আমাদের নেই।’
তিনি বলেন, ‘মামলা বেশি হওয়ায় বিচারে কিছুটা ধীর গতি দেখা যাচ্ছে। কিন্তু আমাদের পুলিশের পক্ষ থেকে চার্জশিট জমা দেয়াসহ সার্বিক বিষয়ে সর্বোচ্চ দ্রুততার সাথে কাজ করে যাচ্ছি। অন্তত আমি থাকতে আমার কাজ আমি সঠিকভাবে করে যাব।’
সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন এ এস এম সোহরাব আল হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবউল্লাহ মানিক, জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আবদুর রহিম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক ও দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন।
জুলাই যোদ্ধা সালমান হোসেন ও আবুল হাসান শাহীনের পরিচালনায় সভায় জুলাই যোদ্ধা নাদিয়া আক্তার, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, শিবিরের শহর সভাপতি শফিকুল ইসলাম, জেলা সভাপতি ইমাম হোসেন আরমান, ছাত্রশক্তির জেলা আহ্বায়ক সোহরাব হোসেন শাকিল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহফুজ, জুলাই যোদ্ধা মো: নুর হোসেন, দৈনিক ফেনীর সময়ের মাল্টিমিডিয়া রিপোর্টার শহীদুল ইসলাম, ফেনী কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহের আমিরুল হক, ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন রাফি, গাজী সালাউদ্দিন আমান প্রমুখ বক্তব্য রাখেন।


