সিলেট বিভাগে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪২ জনে। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৫ রোগীর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩ জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ ও এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১ জন রয়েছেন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ১২ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে একজন এবং সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬ জন চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৪২ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ২৭ জন, সুনামগঞ্জে ২৯ জন, হবিগঞ্জে ৬৬ জন এবং মৌলভীবাজারে ১৭ জন রয়েছেন। এ ছাড়া বিভাগের বাইরের আরো ৩ জন রোগী সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ডেঙ্গুর বিস্তার রোধে বাড়িঘর ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানানো হয়েছে।


